বড়সড় নাশকতার ছক বানচাল, উরিতে ৩ জঙ্গিকে খতম করল সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র, বিস্ফোরক

আমাদের ভারত,২৩ সেপ্টেম্বর: আবারো উত্তপ্ত কাশ্মীর। বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া তিন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র। বারামুলা জেলার উরির কাছেই রামপুর সেক্টরে এই তিনজনের সঙ্গে গুলির লড়াই হয় সেনার, সেখানে খতম হয় ৩ জঙ্গি।

জঙ্গিদের কাছ থেকে পাঁচটি একে ৪৭, ৪৫টি গ্রেনেড সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। নিকেশ হওয়া জঙ্গিরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনো জানা যায়নি। আগে থেকেই খবর ছিল জম্মু-কাশ্মীরের উরিতে বড়োসড়ো নাশকতার ছক রয়েছে পাক মদদপুষ্ট জঙ্গিদের। রবিবার এবং সোমবার রাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করবে একাধিক জঙ্গি।

জঙ্গিদের লক্ষ্য উপত্যকায় সন্ত্রাসবাদি হামলা চালানো। সেই হামলা রুখতে তৎপর হয় ভারতীয় সেনা। ইতিমধ্যেই উরিতে বন্ধ করে দেওয়া হয়েছিল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। অতিরিক্ত বাহিনী এনে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। কোনোভাবেই যাতে জঙ্গিরা ওই এলাকা ছেড়ে পালাতে না পারে তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়। সেই মত তিন জঙ্গিকে খতম করে সেনা জওয়ানরা।

এদিকে বদগাঁতে আইইডি বিস্ফোরক উদ্ধার হয়। এই বিস্ফোরক নষ্ট করেছে ভারতীয় সেনা। এছাড়াও খ সীমান্ত রেখার কাছের হাথলাঙ্গা অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই তল্লাশি চালাতেই জঙ্গিদের খোঁজ মেলে। শুরু হয় সংঘর্ষ।‌গুলির লড়াইতে মৃত্যু হয় তিন জঙ্গির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *