জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন হল। সোমবার বিকেলে হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), কারগরী উন্নয়ন দপ্তরের মন্ত্রী হুমায়ূন কবীর, জেলাশাসক ডঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক পীনাকী রঞ্জন প্রধান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী প্রমুখ। এছাড়াও ছিলেন, খড়্গপুরের মহাকুমাশাসক আজমল হোসেন এবং ডেবরা ব্লকের স্বাস্থ্য আধিকারিক তথা করোনা হাসপাতালের সুপার মহম্মদ আরিফ।
জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, “মেদিনীপুর মেডিক্যাল কলেজে মাত্র ২৬ টি এইচডিইউ বেড আছে, শালবনী এখান থেকে অনেকটাই দূর। তাই এখানে একটি উন্নত মানের কোভিড হাসপাতাল তৈরি করা হল। ২০ টি এইচডিইউ বেড থাকছে। এছাড়াও, সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইন সিস্টেম থাকছে।”
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, “আগামীকাল থেকেই এখানে রোগী ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে।”
অপরদিকে, জেলার করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকরা। তা সত্ত্বেও সবরকমভাবে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। এক্ষেত্রে “তৃতীয় ঢেউ” এলেও যাতে মোকাবিলা করা যায়, সেজন্যই জেলার করোনা চিকিৎসায় কোনও খামতি রাখতে রাজি নয় জেলা প্রশাসন।

