বনগাঁয় ফেসবুকে ফাঁদ পেতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত চক্রের অন্যতম পান্ডা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জুলাই: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের আরও এক পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। যদিও আগেই তিন প্রতারককে গ্রেফতার করেছিল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। এবার ওই চক্রের অন্যতম মূল পান্ডাকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশাল হেলা, রানাঘাট থানার মেঠোপাড়ার এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে রানাঘাট স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, বাগদা থানা এলাকার সুস্মিতা হীরা নামে এক যুবতী বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়, জুন মাসের প্রথম সপ্তাহে ফেসবুকে একটি চাকরির বিজ্ঞাপন দেখে তিনি ফোন করে যোগযোগ করেন। এরপর একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় ২৫ হাজার টাকা নিয়ে নেয়। ফের কয়েকদিন যেতে না যেতেই ১৮ হাজার টাকা দাবি করে। সুস্মিতা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এরপরেই বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিকের দ্বারস্থ হন তিনি।

অভিযোগের তদন্তে নেমে সাগর দাস, বাচ্চু ঘোষ ও আকাশ নাথ নামে তিন প্রতারককে পুলিশ গ্রেফতার করেছিল। তাদের জেরা করে বিশালের সন্ধান পায়। জানা গিয়েছে, এই ফাঁদের মূল পান্ডা বিশাল। শুধু বাগদার ওই যুবতী নয়, এই ভাবে প্রতারণা করে প্রচুর বেকার যুবক যুবতীদের কাছ সঙ্গে প্রতারণা করেছে। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *