সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জুলাই: পানীয় জল ও সেচের জলের দাবিতে বুধবার বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ ও বাঁকুড়া ১নং ব্লকে বিক্ষোভ দেখানো হয়। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও জেলা সভাপতি সুনীলারুদ্র মন্ডলের নেতৃত্বে শহর সংলগ্ন পুয়াবাগান মোড়ে পথ অবরোধ ও বাঁকুড়া -১ ব্লক অফিসের গেট আটকে বিক্ষোভ দেখানো হয়।

নীলাদ্রিবাবু জানান, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প গুলিকে হাইজ্যাক করে রাজ্যের প্রকল্প বলে চালাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালানো হচ্ছে। এটা দ্বিচারিতা। তাছাড়া বিধবা ও বার্ধক্য ভাতা ও আবাস যোজনায় প্রকৃতরা সুযোগ পাচ্ছেন না। তাঁর দাবি, বিরোধী দলের সমর্থকদের কার্যত বয়কট করে রাখা হয়েছে। এসবের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন। এতে সুবিচার পাওয়া না গেলে বৃহত্তর আন্দোলন করা হবে।

উল্লেখ্য, নীলাদ্রিবাবু দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলিকে হাইজ্যাক করে নিজেদের নামে চালাচ্ছে বলে অভিযোগ করে আসছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালানো হচ্ছে এই অভিযোগ তুলে আন্দোলন করছেন তিনি। গ্রামে গ্রামে গিয়ে নিজের হাতে উপভোক্তাদের ঘরে লেখা বাংলা আবাস যোজনা কথাটিকে বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দেন। সে নিয়ে জেলাজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। বিজেপির বিক্ষোভ কর্মসূচির পরিপ্রেক্ষিতে এদিন আগের থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।


