রায়গঞ্জের দুয়ারে সরকার কর্মসূচিতে জল কাদায় নাজেহাল সাধারণ মানুষ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ আগস্ট: জল কাদায় নাজেহাল রায়গঞ্জের দুয়ারে সরকার কর্মসূচি। এক হাঁটু জল কাদা ভেঙে সাধারন মানুষকে পৌঁছাতে হচ্ছে দুয়ারে সরকারের শিবিরে। এমনই দুর্দশার ছবি দেখা গেল রায়গঞ্জ শহরের দেবীনগর মহারাজা জগদীশনাথ হাইস্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার শিবিরে।

গত কয়েকদিন ধরেই উত্তর দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির জেরে রাদতাঘাট থেকে শুরু করে সর্বত্র জলকাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এরই মাঝে চলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগরে মহারাজা জগদীশনাথ হাইস্কুল প্রাঙ্গনে বসেছে দুয়ারে সরকার শিবির। জলকাদা বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্ণীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে আবেদন করার জন্য ভীড় জমিয়েছেন শিবিরে।

জলকাদায় রায়গঞ্জের সাধারন মানুষের শিবিরে আসতে সমস্যা হচ্ছে। উপভোক্তাদের একাংশ বলছেন শিবিরের স্থান পরিবর্তন করলে খুব উপকার হতো। স্কুলের গোটা মাঠজুড়ে জল আর কাদায় ভরে রয়েছে। বিভিন্ন টেবিলে পৌঁছতে নাজেহাল হচ্ছেন সাধারন মানুষ। শিবিরের এই নাজেহাল অবস্থা প্রসঙ্গে রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল জানিয়েছেন প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রন নেই। আগে থেকেই দুয়ারে সরকার শিবিরগুলোর স্থান নির্ধারন করে প্রচারও করা হয়েছে। বৃষ্টির জন্যই সাধারন মানুষের একটু সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *