আমাদের ভারত, দার্জিলিং, ২৪ নভেম্বর: কথায় আছে কুকুরের পেটে কী ঘি সহ্য হয়! কিন্তু পশুটা যদি হয় ভাল্লুক! মন্দিরে ঢুকে মন্দিরে রাখা ঘি, সরষের তেল, ডালডা, ফল, খোশ মেজাজে খেলেন ভাল্লুক মহারাজ৷ তারপর মন্দির চত্বরেই প্রাতঃকার্য সারলেন তিনি। আর ভাল্লুকের সেই কর্মের সিসি ক্যামেরার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। আর সেটি ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে শৈলশহরে। দার্জিলিংয়ের সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকার ঘটনা।
একটি ভাল্লুক রাতের অন্ধকারে স্থানীয় একটি মন্দিরে ঢুকে পরে। আর মন্দিরে ভগবানের জন্য রাখা তেল, ঘি, ফল এমনকি মোমবাতি পর্যন্ত খেয়ে নেয়। তবে সেখানে খাওয়ার পর মন্দিরেই শৌচকর্ম করে ভাল্লুকটি। সকালে মন্দিরের পুরোহিত মন্দিরে ঢুকে পরিস্থিতি দেখে প্রথমে ঠিক বুঝে উঠতে পারেননি কী হয়েছে। পরে মন্দির কমিটির লোকজন গিয়ে সিসি ক্যামেরা যাচাই করে দেখতে গিয়ে আতঁকে ওঠেন। এরপরই তারা দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনকে খবর দেন।

এর আগেও সিঞ্চেল, তাকদাহ ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় ভাল্লুকের দেখা মিলেছে। সম্প্রতি ১৮ অক্টোবর তিব্বতি উদবাস্তু শিবিরের কাছে একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার খাঁচা বন্দি হয়। এরপর ফের সিসি ক্যামেরায় ভাল্লুকের ছবি ধরা পরায় আতঙ্ক ছড়িয়েছে।
দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও ভিকে সুদ বলেন, “এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভাল্লুকটির খোঁজে তল্লাশি চলছে।”

