আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ জানুয়ারি: পৌষ সংক্রান্তিতে মকরের পুণ্যস্নানের জন্য তমলুকের রূপনারায়ণ নদীর ঘাটে দেখা গেল ভিড়, করোনা বিধি মেনেই হচ্ছে গঙ্গা পুজো। পৌষ সংক্রান্তিতে মকরের পুণ্য স্নানের জন্য শুক্রবার সকাল থেকেই ভিড় রূপনারায়ণ নদীর ঘাটে। শীত উপেক্ষা করেই এ দিন তমলুকের স্টিমার ঘাটে ও কপালমোচন ঘাটে রূপনারায়ণে ডুব দিলেন কয়েক হাজার পুণ্যার্থী।

মকর উপলক্ষ্যে তমলুকের কপালমোচন ঘাটের কাছে বসেছে বারুণী মেলার আসর। করোনার কারণে প্রশাসনের অনুরোধে মেলা বন্ধ হলেও কয়েকটি বিভিন্ন গ্রামীণ কুটির শিল্পীরা হরেক রকম মাটি, বাঁশ, বেত দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী, খাবারের স্টল সাজিয়ে বসেছেন। তমলুক শহরের উত্তরচড়া, শঙ্করআড়া এলাকার শান্তি সঙ্ঘের উদ্যোগে গঙ্গা পূজার আয়োজন-সহ বারুণী মেলা এ বার ৫২তম বছরে পা দিয়েছে। করোনা বিধি থাকার কারণে শুধুমাত্র পুজো হচ্ছে, বাকি সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবার বন্ধ রয়েছে।

ঐতিহ্যবাহী কপালমোচন ঘাট ও রূপনারায়ণ নদীতে মকর স্নানের জন্য আসা পুণ্যার্থী-সহ প্রতি বছর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এ বার কোভিড বিধি থাকার কারণে তুলনামূলক কিছুটা ভিড় কম দেখা গেল।


