স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ এপ্রিল: বিশেষ ভাবে সক্ষম অসহায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের চাপদুয়ারের নারায়ণপুর এলাকায়।
পরিবারের অভিযোগ, গত শনিবার ঝড়বৃষ্টির রাতে এই ঘটনা ঘটায় অজয় বর্মন নামে প্রতিবেশী যুবক। জানা যায়, বাড়িতে ঐ তরুণী ও তার বাবা থাকেন। মেয়েটি মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত। পরিবার সূত্রে খবর, শনিবার ঝড়বৃষ্টির রাতে বাইরের বারান্দায় শুয়েছিলেন তার বৃদ্ধ বাবা। ঘরে একাই ছিল মেয়েটি। সেই সময় অজয় সুযোগ বুঝে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঐ তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ের চিৎকারে বাবা উঠে দরজা ধাক্কাধাক্কি করলে কোনোরকমে পালিয়ে যায় অভিযুক্ত।

মেয়ের বাবার অভিযোগ, এর আগেও একবার তার মেয়েকে যৌন নির্যাতন করে অজয়। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশে অভিযোগও জানিয়েছেন।এদিকে এই ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন প্রতিবেশীরা। অভিযুক্ত এই যুবক আগেও বেশ করেয়কবার এই ধরনের কর্মকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এই ঘটনার খবর পেয়ে সোমবার নির্যাতিতার বাড়ি যায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর জেলা সম্পাদক উত্তম কুমার গুহ। তিনি কথা বলেন মেয়ে ও তার পরিবারের সাথে। এই ঘটনায় অভিযুক্তের চরমতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এবিষয়ে রায়গঞ্জ থানায় সংগঠনগত ভাবে ডেপুটেশন দেওয়ার কথাও জানিয়েছেন উত্তম বাবু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত অজয়কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Pingback: মানসিক প্রতিবন্ধী তরুণীকে নির্যাতন, গ্রেফতার প্রতিবেশী যুবক - নির্যাতনের নথি
Pingback: নির্যাতনের নথি: ৪ এপ্রিল ২০২৩ - নির্যাতনের নথি