স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ ফেব্রুয়ারি: নিয়ন্ত্রনহীন লরির ধাক্কায় ভাঙ্গল প্রাচীর। গুঁড়িয়ে গেল একটি ট্রলি ভ্যান। লরির ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৮.৩০টা নাগাদ নবদ্বীপ থানার সরকারপাড়া বাইপাস ও মঙ্গল চন্ডীতলা এলাকায়। অভিযুক্ত লরির চালক, খালাসি সহ লরিটিকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ।
জানা যায়, গতকাল সন্ধ্যায় নিয়ন্ত্রনহীন লরিটি প্রথমে সরকারপাড়া বাইপাস এলাকায় পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি টলি ভ্যানে ধাক্কা মারে। পাশাপাশি লরির ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি প্রাচীর। ঘটনার সময় এক ট্রলির চালক রাস্তার পাশে ট্রলি রেখে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন, না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা। লরির ধাক্কায় ট্রলিটি সম্পূর্ণভাবে ভেঙ্গে গুঁড়িয়ে যায়। এরপর লরিটি মঙ্গলচন্ডী তলায় গিয়ে একইভাবে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার স্থানীয় মানুষজন লরিটিকে ধরে ফেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত লরি চালক বিধান জোয়ারদার ও খালাসী পরিতোষ দাস সহ লরিটিকে আটক করে পুলিশ।

