কান্দিতে মিহিদানা খেয়ে অসুস্থ শতাধিক শিশু, আতঙ্কে শিশুদের পরিবার

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ নভেম্বর: মিহিদানা খেয়ে অসুস্থ প্রায় শতাধিক শিশু। সোমবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত ভরতপুর থানার অমলায় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাছপাড়া, পাছি পাড়া, বন্টি পাড়া, জরগাছি পাড়া, ভালুয় পাড়াসহ একাধিক গ্রামের শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে মিহিদানা খাওয়ার ফলে।

জানা গেছে, সোমবার আমরাই অঞ্চলের এই গ্রামগুলিতে একজন মিহিদানা বিক্রেতা মিহিদানা বিক্রি করতে গেলে তার কাছ থেকে আমলায় গ্রামের শিশুরা মিহিদানা কিনে খায় আর সেই মিহিদানা খাবার ফলে অসুস্থ হয়ে পড়েন শতাধিক শিশু। সোমবার অসুস্থ ওই শিশুদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ভরতপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল। ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই শতাধিক শিশুর চিকিৎসা শুরু করা হয়েছে। যদিও কিছু শিশুর অবস্থার অবনতির হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভরতপুর থানার অন্তর্গত আমলায় গ্রামে।

ভরতপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র মারফত জানা গেছে, ওই মিহিদানার নমুনাও সংগ্রহ করা হবে। তবে ঘটনার পর থেকে ওই শিশুদের পরিবার ব্যাপক আতঙ্কে রয়েছে বলে সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *