আমাদের ভারত, হাওড়া, ৯ সেপ্টেম্বর: সপ্তাহ দুয়েক আগে আচমকাই উদয়নারায়ণপুরের কানপুরে মান্দারিয়া খালের পাশে বাঁধের রাস্তার বেশ খানিকটা অংশ বসে গিয়েছিল। প্রয়োজন ছিল সংস্কারের। যদিও সেটা না হওয়ায় বুধবার আরও খানিকটা অংশ নিয়ে রাস্তা আরও কিছুটা নীচে নেমে গেল। আর রাস্তা ক্রমাগত নীচে নামতে থাকায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও সেচ দফতর সূত্রে খবর সোমবার এলাকার মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আমতার পেড়ো থেকে উদয়নারায়ণপুরের পুরাশ যাওয়ার ৩ কিলোমিটার রাস্তাটি এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাস্ততম এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যদিও সপ্তাহ দুয়েক আগে কানপুরের কাছে আচমকাই রাস্তায় ধস নামায় যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। খবর দেওয়া হয় সেচ দফতরকে। যদিও সেচ দফতর সময়মত সংস্কারের কাজ শুরু না করায় বুধবার রাস্তা আরও খানিকটা বসে যায়। সেচ দফতর সূত্রে খবর, এই এলাকায় একাধিকবার বাঁধ বসে যাচ্ছে। কি কারণে এটা হচ্ছে সেটা খতিয়ে দেখার জন্য মাটি পরীক্ষা করা হবে।
অন্যদিকে নতুন রাস্তা তৈরীর কয়েক মাসের মধ্যে এই পরিণতি হওয়ায় রাস্তা তৈরীর গুণগুত মান নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি এই কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে শোকজের দাবি জানিয়েছেন।

