বাসন্তীতে দুই প্রতারক পুলিশের জালে, উদ্ধার নগদ চার লক্ষ টাকা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১০ জুলাই: বেশ কিছুদিন ধরে বাসন্তী ও আশপাশের থানা এলাকায় একটি প্রতারণা চক্র কাজ করছিল। সেই দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কখনও কেমিক্যাল দিয়ে টাকা দ্বিগুণ করে দেবে, কখনও খুচরো টাকা দ্বিগুণ দেবে এসব বাহানা করে ভুল বুঝিয়ে মানুষকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। সেই অভিযোগ পেয়েই শনিবার সকালে দুই প্রতারককে বাসন্তীর জ্যোতিষপুর এলাকা থেকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার লক্ষ টাকা ও প্রচুর রাসায়নিক।

শুক্রবার গোসাবার বাসিন্দা অসিত হালদার নামে এক ব্যক্তি ওই রকম এক প্রতারণা চক্রের শিকার হন। তাঁকে ব্ল্যাক ম্যাজিক ও কেমিক্যালের সাহায্যে টাকা দ্বিগুণ করে দেবার লোভ দেখায় তিন ব্যক্তি। লোভের বশবর্তী হয়ে উনি সেই ব্যক্তিদের নির্দেশ অনুযায়ী বাসন্তীর জ্যোতিষপুরে এক বাড়িতে যান ৬ লাখ টাকা নিয়ে। দুষ্কৃতীরা কিছু বিশেষ কেমিক্যাল পাশের রুমে একটি পাত্রে গুলে রাখে। আর একটি রুমে একটি পাত্রে আসল টাকার বান্ডিলটি রাখে। এরপর অসিতবাবুকে পাশের ঘর থেকে কেমিক্যালের পাত্রটি আনতে বলা হয়। এই সুযোগে দুষ্কৃতীরা প্রকৃত টাকার বান্ডিলটি সরিয়ে তাতে টাকার মতো করে কাটা কাগজের বান্ডিল ঢুকিয়ে দেয়। আর অসিত বাবুকে সেই পাত্রে কেমিক্যাল ঢালতে বলেন। কেমিক্যাল ঢালার পর অসিত বাবুকে বলেন ওই পাত্রটি নিয়ে বাড়ি যেতে এবং একদিন বাদে খুলতে।

অসিতবাবু স্থির বিশ্বাসে সেই পাত্রটি নিয়ে চলে যায় আর বাড়িতে পাত্রটি খুলে তাজ্জব হয়ে যায়। পাত্রে দেখেন যে কেবল কাগজের টুকরো আছে, টাকা নেই। উনি তখন বাসন্তী থানার দ্বারস্থ হন। এই অভিযোগ পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জ্যোতিষপুর থেকে বাবলু ওরফে মহাদেব মণ্ডল ও বাসন্তী থেকে দেবু কর্মকার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই দুই ব্যক্তির কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা উদ্ধার হয়। তাছাড়া বেশ কিছু টাকার মতো করে কাটা কাগজের টুকরো, কিছু কেমিক্যাল প্রতারণা করার কাজে ব্যবহৃত কিছু পাত্র উদ্ধার হয়।

এই ঘটনার সাথে জড়িত তৃতীয় ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। পুলিশ আশাবাদী খুব শীঘ্রই তৃতীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করতে পারবে ও বাকি টাকাও উদ্ধার করা সম্ভব হবে। এই তিন ব্যক্তি ছাড়াও এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না পুলিশ তাও খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *