অশোকনগরে কুয়াশায় বেপরোয়া ট্রাক উলটে মৃত্যু চালক ও খালাসির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ জানুয়ারি: কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল কেমিক্যাল বোঝাই ট্রাক। ঘটনায় মৃত্যু হল ট্রাকের চালক ও খালাসির। রবিবার ‌ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার যশোর রোডের উপরে মানিকতলা এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনা স্থলেই মৃত্যু হয় গাড়ির চালক বুদ্ধদেব সেন ও খালাসি অমিত সরকারের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ পেট্রাপোল সীমান্তে যাওয়ার উদ্দেশ্যে কেমিক্যাল বোঝাই একটি ট্রাক যশোর রোড ধরে বনগাঁর দিকে যাচ্ছিল। হাবড়া এবং অশোকনগরের মাঝে ৩ নম্বর রেল গেটের কাছে আসার পর বেপরোয়া ভাবে একটি ইট বোঝাই ট্রাকে ধাক্কা মারে ওই ট্রাকটি। আর তাতেই নিয়ন্ত্রন হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনা স্থলেই মৃত্যু হয় ট্রাক চালক ও খালসির।

দুর্ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় ওই গাড়ির চালক বুদ্ধদেব সেন ও খালাসি অমিত সরকারের মৃতদেহ উদ্ধার করে। তাঁদের বাড়ি বনগাঁ এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘন কুয়াশার জন্য এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে পরে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘এদিন ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎই বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি, একটি ট্রাক পাশের নয়ানজুলিতে উলটে পড়ে গেছে।’‌ স্থানীয়রাই সঙ্গে সঙ্গে অশোকনগর থানায় খবর দেন। স্থানীয় মানুষেরা এসে ট্রাকের ভেতরে আটকে থাকা ট্রাকের চালক এবং খালাসিকে বের করার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *