আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ এপ্রিল: যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে নারী নির্যাতন হলে কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মতে কড়া ব্যবস্থা না নিলে সেটা হবে খুবই লজ্জার ব্যাপার। আজ দক্ষিণেশ্বর ও কমারহাটি থানার উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।
ব্যারাকপুর মহকুমার আইন শৃঙ্খলা আরো ভালোভাবে ও কঠোর ভাবে রক্ষা করতে সম্প্রতি নতুন বেশ কয়েকটি থানা গঠনের ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী বাংলা নববর্ষের প্রাক্কালে উদ্বোধন হল দক্ষিণেশ্বর ও কমারহাটি থানার।
দক্ষিণেশ্বরে ভক্তদের চাপ অত্যাধিক তাই দর্শনার্থীদের সুবিধার জন্য এবং বরানগর ও বেলঘরিয়া থানার অন্তর্ভুক্ত এলাকা অনেক বিস্তৃত তাই এই দুই থানা এলাকায় চাপ কমানোর উদ্যেশ্যে সরকার দক্ষিণেশ্বর ও কামারহাটিতে নতুন দুটি থানা গঠনের কথা ঘোষণা করে। সেই মত আজ দক্ষিণেশ্বর ও কামারহাটিতে নতুন থানার উদ্বোধন হল। এদিন এই নতুন থানার উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়।
এদিন এই নব নির্মিত থানার উদ্বোধন করে সাংসদ সৌগত রায় সম্প্রতি রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতন নিয়ে পুলিশকে কড়া বার্তা দিয়ে বলেন, “রাজ্যে যে নারী নির্যাতনের খবর উঠে আসছে সেগুলো চিন্তার, কারণ। নারীদের ওপর ঘটা কোনও অত্যাচার মেনে নেওয়া হবে না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেক্ষেত্রে নারী নির্যাতনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নিতে হবে, নইলে সেটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে।”
এদিনের এই অনুষ্ঠানে সাংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, তাপস রায়, পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

