স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১৫ এপ্রিল: “রাজ্যের প্রতিটি মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য কেন্দ্রীয় সরকারের পাঁচ লাখ টাকা পেতে হলে, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মাণ করতে হলে ২২ এপ্রিল পদ্ম ফুলে ভোট দিতে হবে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প চালু করতে চেয়েছিলেন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদি কাটমানি খেতে পারবেন না বলে সেই প্রকল্প করতে দেননি”। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চাঁদিমা রায়ের সমর্থনে বৃহস্পতিবার হেমতাবাদে এক জনসভায় এমনই দাবি করেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন হেমতাবাদে বিজেপি প্রার্থী চাঁদিমা রায়ের সমর্থনে এক জনসভায় যোগ দিতে আসেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। চাঁদিমা রায়ের সমর্থনে এই নির্বাচনী জনসভায় স্মৃতি ইরানি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ শীর্ষ নেতৃত্ব। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে নেমে নির্বাচনী জনসভায় যোগ দেন একদা হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তথা কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানী। জনসভায় বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানির আক্রমণের মূল লক্ষ্যই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়”কে কটাক্ষ করে বলেন, বাংলার মেয়েরা কি চাল চুরি করে? বাংলার মেয়েরা কি ভুল চন্ডীপাঠ করে, বাংলার মেয়েরা কি কাটমানি খায়? তাই আর বাংলার মেয়ে নয়, বাংলা ঘরে ঘরে একটাই আওয়াজ দিদি যাচ্ছে বিজেপি আসছে”। বাংলার গরিব মানুষদের জন্য বিজেপিকে ভোট দিন, নিজের মেয়েকে বাঁচাবার জন্য বিজেপিকে ভোট দিন, সোনার বাংলা গড়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, লোকসভায় বিজেপি বেশি ভোট পেয়েছে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি কাটমানির টাকা ফেরতের কথা বলেছেন। দশ বছর ধরে রাজ্যের দিদি যেভাবে লুট করেছে সেই লুটের দিন শেষ। এবার বিজেপি বাংলায় সরকার গড়বেই বলে দাবি করলেন স্মৃতি ইরানি।

