সাথী দাস, পুরুলিয়া, ২৭ এপ্রিল: “পুলিশ আর পুলিশের মিথ্যে মামলা না থাকলে আমরা এই তৃণমূলকে ১৫ মিনিটে ঘরে ঢুকিয়ে দেব।” প্রথমবার পুরুলিয়ায় এসে হুংকার দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তিনি। পরে মিছিলের সমাপ্তি স্থল ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত পথসভায় এইভাবেই রাজ্যের শাসক দলকে একহাত নেন তিনি। মাইক হাতে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। শুধু পুলিশের জোরে তৃণমূল কংগ্রেস। শুধু মাত্র চেইন বিজনেস চলছে। পুলিশের মাধ্যমে কোথাও বালির টাকা, কোথাও পাথরের টাকা, কোথাও আবার গাড়ির টাকা কীভাবে পৌঁছাতে হবে সেটাই চলছে। আর কিছু কাজ হয়নি।”

এদিন বিকেলে পুরুলিয়া স্টেশনের কাছে হনুমান মন্দির স্থল থেকে মিছিলের শুরু হয়। রাজ্য জুড়ে হত্যা ও গণধর্ষণের প্রতিবাদে মিছিল করছে বিজেপি। একই ইস্যুতে পুরুলিয়ায় এদিন মিছিল হয়। গরমকে উপেক্ষা করেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী ও সমর্থকরা মিছিলের সূচনা স্থলে জমায়েত হন। প্রায় দুই কিলোমিটার মিছিলে পা মেলান রাজ্য সভাপতির সঙ্গে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কুলটির বিধায়ক তথা এই জেলার পর্যবেক্ষক অজয় পোদ্দার, জেলা সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য নেতৃত্ব।


