ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের দুর্দশা দুর করব, টিটাগড় শ্রমিক কলোনিতে বললেন বিজেপি প্রার্থী ডা. চন্দ্রমণি শুক্লা

আমাদের ভারত , ব্যারাকপুর, ২৪ মার্চ : “তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিল্প হয়নি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজ না পেয়ে বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের। শ্রমিকদের দুর্দশা দূর করতে পারে একমাত্র বিজেপি সরকার। আমি সেই চেষ্টাই করব। বিজেপি সরকার আসলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের কাজ খুঁজতে ভিন রাজ্যে যেতে হবে না।” টিটাগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পেপার মিল শ্রমিক কলোনিতে প্রচারে বেরিয়ে বললেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. চন্দ্রমণি শুক্লা।

আজ টিটাগড় শ্রমিক কলোনিতে প্রচারে বেরিয়ে সেখানকার হনুমান মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। তিনি বারবার তাঁর প্রচারে শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেন। বিজেপির সংকল্প পত্র বাংলার আম জনতার উন্নয়নের দিশারী, সেকথাই বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেন ডা. চন্দ্রমনি শুক্লা। তিনি বলেন, “বিজেপি সরকার বাংলায় এলে বাংলায় প্রভূত উন্নতি হবে। নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। বাংলার বেকার যুবকদের কাজ হবে।”

বিরোধী তৃণমূল প্রার্থী সেলিব্রিটি রাজ চক্রবর্তীর পাশে ব্যারাকপুরের আম জনতা নেই বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, “ব্যারাকপুরের মানুষ জানে, কে তাদের পাশে সর্বক্ষণ থাকবে। আমি ব্যারাকপুরের মানুষের সঙ্গে থেকে তাদের জন্য কাজ করতে চাই। বাস্তবের মাটির সঙ্গে সিনেমার জগতের অনেক ফারাক। ব্যারাকপুরের মানুষ ভুল করবে না, ওরা সঠিক সিদ্ধান্ত নেবে।” বিজেপি প্রার্থীর সমর্থনে বুধবার শতাধিক কর্মী রাস্তায় নেমে তাঁর সঙ্গে জনসংযোগ রক্ষায় শামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *