আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর:
বিজেপির নবান্ন অভিযানে এক মহিলা পুলিশকর্মীর উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন সেটা ভাইরাল হয়ে গেছে। সেখানে পুলিশ কর্তা আকাশ মাঘারিয়া শুভেন্দুকে বলেছিলেন পুলিশের আবার মহিলা-পুরুষ কি? বুধবার তার পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে সুকান্ত বলেন, পুলিশ উভয়লিঙ্গ হয় তা জানতাম না। এদিন সাংবাদিক বৈঠকে নবান্ন অভিযানের বেশ কিছু ফুটেজ দেখান সুকান্ত। তিনি বলেন পুলিশ মঙ্গলবার বিজেপি কর্মীদের ওপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে। ঢিল ইট-পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে পুলিশ। নিরস্ত্র বিজেপি কর্মীর উপর লাঠিচার্জ করেছে। তাতে বিজেপি কাউন্সিলর মিনাদেবি পুরোহিতের মতো বহু নেতা কর্মী আহত হয়েছে। পুলিশের এই অত্যাচার অতিসক্রিয়তা ১২ তারিখ থেকে গোটা রাজ্য জুড়ে দেখা গেছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা।
শুভেন্দুকে আলিপুর পিটিএসের সামনে আটকে দেওয়ার পর যখন তর্কাতর্কি হচ্ছিল সেই সময় শুভেন্দু এক মহিলা পুলিশ কনস্টেবলকে বলেছিলেন, “ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি এন্ড আই অ্যাম মেইল।” তা নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় মশকরা শুরু করেছে। জুন মালিয়া, লাভলির মতো তৃণমূলের সেলিব্রিটি বিধায়করা পরিকল্পনা করেছেন শুভেন্দু যেদিন অধিবেশনে আসবেন সেদিনই তাকে ঘিরে ধরা হবে। এর পাল্টায় সুকান্ত বলেন, “এই ঘটনা ঘটলে কী করা হবে তার পরিকল্পনা তৈরি রয়েছে আমাদের। আশাকরি সংবাদ মাধ্যম সেদিন খবর করার মতো মশলা পাবে।”
এসবের মধ্যেই বুধবার সন্ধ্যায় এসএসকেএম-এ দাঁড়িয়ে শুভেন্দুকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, “শুভেন্দু গতকাল বলেছেন, আই এম মেল, আপনি মহিলা। ডোন্ট টাচ মি। এখন বুঝতে পারছি সুদীপ্ত সেন যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, অর্থাৎ সুদীপ্তা হতেন তাহলে ওর কাছ থেকে তিনি টাকা নিতেন না। নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েল না গিয়ে যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল যেতেন তাহলে উনি টাকা নিতেন না।”
এই বক্তব্যের পাল্টায় সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক নিম্নরুচির আদিরসাত্মক কথা বলে নিজের অশিক্ষার পরিচয় দিয়েছেন। বাংলার রুচিশীল সংস্কৃতির অপমান করেছেন। বাংলার রাজনীতিতে এই রকম কুরুচিপূর্ণ বক্তব্য এর আগে শোনা যায়নি। তিনি এর তীব্র নিন্দা করছেন বলে জানান সুকান্ত মজুমদার।

