“কলকাতার বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে চিন্তায় রয়েছি”, বললেন অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৯ এপ্রিল: কলকাতার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন অমিত শাহ। শুক্রবার কলকাতায় একটি বেসরকারি হোটেলে ভোটের আগে কলকাতার অনুপ্রবেশকারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। তিনি বলেন, গোটা রাজ্যের সঙ্গে কলকাতায় অনুপ্রবেশকারীরা বেশ স্বচ্ছন্দেই রয়েছে।

আগে বিজেপি রাজ্যের অনুপ্রবেশ সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার কলকাতায় অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন। তিনি বলেন, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তা সকলেরই চিন্তার। আগামী দিনে অনুপ্রবেশ সমস্যার জন্য কলকাতার অবস্থা কি হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ভোট ব্যাঙ্কের জন্যই অনুপ্রবেশ সমস্যা রাজ্যে রয়েছে। অনুপ্রবেশকারীদের সরাসরি ভোট ব্যাঙ্ক বানানো হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিজেপি রাজ্যের মসনদে আসলে চিত্রটা বদলাবে বলে আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি নীতিগতভাবে এর বিরুদ্ধে। কলকাতা সহ গোটা রাজ্যের অনুপ্রবেশে কিভাবে লাগাম টানা যায় তার ব্যবস্থা করবে। পাশাপাশি অনুপ্রবেশের জন্য রাজ্যের উন্নয়নে ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশ নিয়ন্ত্রণে এনে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপির লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *