স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জুন:
শারীরিক এবং মানসিক অত্যাচার করে গর্ভবতী এক গৃহবধূকে তার বাবার বাড়িতে ফেলে রেখে গেল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার মদনপুর মাজদিয়া এলাকায়।

সূত্রের খবর, বছর দুই আগে মদনপুর মাজদিয়া এলাকার এক যুবতীর সঙ্গে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকার যুবক সুমন হালদারের। বিয়ের পর থেকেই সুমন হালদার এবং তার পরিবার ওই যুবতীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। এর আগেও একাধিকবার জোর করে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দিন কয়েক আগে তাকে মারধর করে আবারও বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এর পাশাপাশি সুমন হালদারের বাড়ির অভিযোগ, যুবতীর গর্ভে যে সন্তান রয়েছে সেটি তাদের নয়। এই অভিযোগ তুলে তাকে আবারও বাচ্চা নষ্ট করার ওষুধ খাইয়ে বলপূর্বক বাবার বাড়ির সামনে ফেলে চলে যায়।

স্থানীয়রা এবং তার পরিবারের লোকজন উদ্ধার করে ওই যুবতীকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যদিও ওই যুবতীর পরিবারের অভিযোগ, তার স্বামী সুমন হালদারের সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ওই গৃহবধূকে তারা মারধর করে।

