রাজেন রায়, কলকাতা, ২৯ মার্চ: একুশের বিধানসভা ভোটে হিন্দু ভোটকে টার্গেট করেছে বিজেপি। আর সেই কারণে ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে এবার বাম এবং কংগ্রেসের সঙ্গে থাকা আইএসএফে ভাঙ্গন ধরাল তৃণমূল। আইএসএফ থেকে একঝাঁক প্রথম সারির নেতা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট হাজি মহম্মদকে তৃণমূলে শামিল করান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এ ছাড়াও বন্দর এলাকার প্রভাবশালী কংগ্রেসের নেতা ডক্টর শাকিল আহমেদ এবং কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেন তৃণমূলে।
ফিরহাদের দাবি, “আইএসএফ নিজেকে সিপিএমের কাছে আত্মসমপর্ণ করেছে। যে সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন, সেই দলে এখন আব্বাস সিদ্দিকি কমরেড হয়ে গিয়েছেন। তারই প্রতিবাদে এই ব্যক্তিত্বদের তৃণমূলে যোগদান।”
এই সাংবাদিক বৈঠকে নিমতাকাণ্ড নিয়ে ফিরহাদ এ দিন বলেছেন, “যিনি মারা গেছেন তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। মিথ্যা প্রচার করে রাজ্যের মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। আমি আশা করি ন্যায় বিচার হবে।”

