পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারায়ণগড়ে জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। খড়্গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাওয়ার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো দুটি যাত্রী বোঝাই বাস ও একটি কন্টেইনারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সরকারি বাসের কন্ট্রাক্টরের।

জানা যায়, একটি মাল বোঝাই লরি খড়্গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় নারায়ণগড়ে জাতীয় সড়কে পেট্রোল পাম্পের কাছে একই দিকে যাওয়া একটি বেসরকারি বাসকে প্রথমে ধাক্কা মারে, পরে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাস ও কন্টেইনারে ধাক্কা মারে। সরকারি বাসের কন্ট্রক্টর সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আহত হয় যাত্রী বোঝাই বাসের একাধিক জনের।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক রমাপ্রসাদ গিরি ও মহকুমা পুলিশ আধিকারিক। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পথ দুর্ঘটনার ফলে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

