আমাদের ভারত, রায়দিঘী, ৪ নভেম্বর: বৃদ্ধ বাবা মায়ের জন্য রান্না করার সময় মৌমাছির কামড়ে মৃত্যু হলো ছেলের। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিন ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম সুরজিত কয়াল(৫৬)। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরজিত কয়াল কর্মসূত্রে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে নদীয়ার তাহেরপুরের খ্রিষ্টান পাড়ায় থাকতেন। নিজের বাবা মা কে দেখতে রায়দিঘীর নগেন্দ্রপুর উত্তরপাড়ার বাড়িতে এসে বৃহস্পতিবার বৃদ্ধ বাবা মায়ের জন্য বাড়ির সামনে গাছতলায় উনুনে রান্না করছিলেন তিনি। সেই গাছেই ছিল মৌমাছির চাক। রান্নার সময় উনুনের ধোঁয়া গাছে থাকা মৌচাকে লাগলে সেখান থেকে একঝাঁক মৌমাছি এসে তাঁকে কামড়ে দেয়।
ঘটনায় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে সুরজিত কয়ালকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় রায়দিঘি থানার পুলিশ।

