হিন্দু একটা ভৌগলিক পরিচয়, হিমালয় ও ভারত মহাসাগরের মধ্যে বসবাসকারী সকলেই হিন্দু: কেন্দ্রীয় মন্ত্রী

আমাদের ভারত, ১ মে: হায়দ্রাবাদের একটি সম্মেলনে গিয়ে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে দাবি করেছেন হিন্দু একটি ভৌগোলিক পরিচয়। হিমালয় ও ভারত মহাসাগরের মধ্যে বসবাসকারী সমস্ত মানুষ হিন্দু।

হায়দ্রাবাদে ভারত নীতি সংস্থা আয়োজিত দশম ডিজিটাল হিন্দু কনক্লেভে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক ও খাদ্য জল বন্টন এবং পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, হিমালয় এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী জমিতে যারাই বসবাস করেন তারা সকল হিন্দু। হিন্দু আসলে একটা ভৌগলিক পরিচিতি।

তিনি বলেন, “অনেক বিদেশী পন্ডিত এই সত্যের সঙ্গে একমত যে আমাদের দেশ জ্ঞানের দেশ। আমাদের সকলের ভারতীয় হিসেবে গর্বিত হওয়া উচিত। আমি বলি, হিন্দু ধর্ম একটি জীবনধারা এবং আমাদের কখনোই হিন্দু শব্দটিকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়। হিন্দু একটি ভৌগোলিক পরিচয়। হিমালয় এবং ভারত সাগরের মধ্যে বসবাসকারী সমস্ত মানুষই হিন্দু।”

অশ্বিনী কুমার চৌবে ছাড়াও প্রবীণ বিজেপি নেতা মুরলীধর রাও এবং দলের সাংসদ মনোজ তিওয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অশ্বিনী কুমার চৌবে বলেন, এই অনুষ্ঠানে উত্তরের পাশাপাশি দক্ষিণের রাজ্যের মানুষের উপস্থিতি আসলে দেশের ঐক্য শক্তির প্রতীক।

তিনি বলেন, “ভারত হলো প্রাণবন্ত গণতন্ত্রের একটি উদাহরণ, যাকে বিশ্ব গ্রহণ করেছে। আমরা আমাদের দেশকে আমাদের মা বলে বিবেচনা করি এবং ভারতকে ভারতমাতা বলে ডাকি। আর এই ভাবনাই আমাদের বাকিদের থেকে আলাদা করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *