হিমাচল প্রদেশের মন্দিরে দানের অর্থ খরচ হবে হিন্দুদের উন্নয়নের স্বার্থে, মন্দিরে কাজ পাবেন শুধু হিন্দু কর্মীরাই

আমাদের ভারত, ৬ অক্টোবর: হিমাচল প্রদেশের মন্দির, শক্তিপীঠ, কোনো হিন্দু ধার্মিক স্থান বা সংস্থায় দান হিসেবে দেওয়া সোনা, রূপা, টাকা এবার থেকে আর কোনো অহিন্দুদের জন্য খরচ করা হবে না। এছাড়াও মন্দিরের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে কাজ করা কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অহিন্দুরা বিবেচ্য হবে না।

রাজ্যের অনেক বড় বড় মন্দিরে কোটি কোটি টাকার দান দেন ভক্তরা। পাশাপাশি মন্দিরের ভান্ডারেও সোনা রূপার দানও দেওয়া হয়। মন্দিরের জন্য দানের টাকা ব্যাংকে জমা রাখা হয়। অধিকাংশ মন্দিরের সোনা আর রূপা মন্দিরেই ভান্ডারে দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে। সেগুলি ব্যবহার করা হচ্ছে না। মন্দিরের দানের টাকা দিয়ে পুরোহিত এবং মন্দিরের কর্মীদের বেতন দেওয়া হয়। এছাড়াও মন্দিরের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মূর্তির সাজসজ্জা, মন্দিরের অধীনে থাকা স্কুল-কলেজ, রাস্তাঘাট নির্মাণ কাজে খরচ হয়। এছাড়া বড়োসড়ো একটা পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্স ডিপোজিট হিসেবে জমা থাকে। ওই টাকা উন্নয়ন ও অন্যান্য প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়।

রাজ্যের সাংস্কৃতিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মন্দির প্রশাসন এবং পুরোহিত অন্যান্য কর্মীরা। এখন থেকে হিমাচল প্রদেশের মন্দিরগুলিতে জমা দানের টাকা শুধুমাত্র হিন্দুদের স্বার্থেই খরচ করা হবে। পাশাপাশি মন্দিরের নিরাপত্তারক্ষী সহ বাকি কর্মীদের নিযুক্তিতে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদেরকেই সুযোগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *