আমাদের ভারত, ৭ জানুয়ারি: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সমস্ত শর্ত সঠিকভাবে মানা হচ্ছে কি না তার নজরদারির জন্য থাকবে তিন সদস্যের কমিটি। এই কমিটিতে থাকবেন মুখ্য সচিব, বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের একজন সদস্য।
শুক্রবার হাইকোর্টের তরফে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও বেশ কিছু বিধিনিষেধ মেনে তা করতে হবে। বেশকিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মূলত তিন সদস্যের একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে এই রায়ে। এই কমিটিতে থাকবেন মুখ্যসচিব, বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অথবা তার একজন প্রতিনিধি। এই তিনজনের কমিটি সম্পূর্ণ বিষয়ে নজরদারি করবেন এবং কোথাও কোনওরকম সমস্যা তৈরি হলে তা চিহ্নিত করবেন। গঙ্গাসাগর মেলা করার ক্ষেত্রে সরকার যে প্রক্রিয়া অবলম্বনের কথা জানিয়েছে এবং যে পরিকাঠামো সাজিয়েছে সেই বিষয়গুলি ঠিক আছে কি না এবং তাতে কোনো ফাঁকা আছে কি না তা খতিয়ে দেখবে এই কমিটি।
এছাড়াও সাগরদ্বীপকে ২৪ ঘন্টার মধ্যে নোটিফায়েড এলাকা ঘোষণা করতে বলা হয়েছে। মেলা শুরুর আগে সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে স্বরাষ্ট্র সচিবকে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে পুলিশকে জানাতে হবে যারা মেলায় আসছেন তাদের যথাযথ কোভিড বিধি মেনে চলতে হবে ও সমস্ত কোভিড বিধির কথা উল্লেখ করতে হবে বিজ্ঞাপনে। এছাড়াও আরও বেশ কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশে।

