অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ মার্চ: হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, তাই সোমবার ঝাড়গ্রামের সভায় আসতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভার প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল, সভায় ভিড়ও জমিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে সভা বাতিল হয়। কিন্তু জনসভা বাতিল করেননি অমিত শাহ। তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি ভাষণ দিলেন। তড়িঘড়ি সভায় বড় পর্দা লাগিয়ে ফেলেন ঝাড়গ্রামের বিজেপি নেতারা। সোমবার ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে অমিত শাহর জনসভা করার কথা ছিল। রবিবার রাতেই খড়গপুরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে খড়গপুর সদরের বিজেপির প্রার্থী অভিনেতা হিরণকে পাশে নিয়ে রোড শো করেন অমিত শাহ।
সোমবার ঝাড়গ্রামে যাওয়ার আগেই ঘটল বিপত্তি। তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। ফলে তাঁর ঝাড়গ্রাম যাত্রা বাতিল করতে হল। তবে ভার্চুয়াল ভাষণে তিনি ফের বাংলার শাসকদলকে তীব্র আক্রমণ করেন। অমিত শাহ বলেন, মমতা দিদির আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পায়নি পশ্চিমবঙ্গের মানুষ। বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের আত্মনির্ভর করব আমরা। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে। এদিন তিনি এও জানান, এবার ঝাড়গ্রামে যেতে না পারলেও নির্বাচন শেষের আগেই তিনি একবার সেখানে যাবেন। পাশাপাশি এই গরমেও যারা তাঁর জন্য সভায় উপস্থিত হয়েছিলেন তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর কিছুক্ষণ পর বাঁকুড়ার রানিবাঁধের উদ্দেশ্যে হেলিকপ্টারেই রওনা দিয়েছেন অমিত শাহ।

সভা বাতিল প্রসঙ্গে তৃণমূল অবশ্য কটাক্ষ করতে ছাড়নি। ঝাড়গ্রাম জেলা তৃণমূল মুখপাত্র ডাঃ উমা সরেন বলেন, আজ সভায় সে রকম লোক না থাকার জন্য অমিত শাহ সভায় আসেননি। যেন তেন প্রকারেন বাংলা দখল করার চেষ্টা থেকে বিরত থাকা উঢিৎ বিজেপির। আগে মানুষ তাদের সঙ্গে আসুক। আগে প্রয়োজনীয় সংগঠন গড়ে তুলুক বাংলাতে। যেটার এখনও অনেক বাকি। জঙ্গলমহলে এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাজির সভায় মানুষের অনুপস্থিতি এটাই প্রমাণ করছে।

