জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ জুন: করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাঁকরাইল কেন্দ্রের সদস্য ও স্থানীয় চিকিৎসকদের সহযোগিতায় কুলটিকরি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার একটি স্বাস্থ্য পরীক্ষা ও করোনা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কুলটিকরি বাসস্ট্যান্ডে পথচলতি মানুষদের লিফলেট বিলি ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই শিবির শুরু হয়।

বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলার সভাপতি সর্বেশ্বর মহাপাত্রর উদ্যোগে এবং সাঁকরাইল কেন্দ্রের সম্পাদক সুবীর কুমার মণ্ডলের পরিচালনায় আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসক ড: অরুণ গিরি, ড: সত্যব্রত সামন্ত সহ অন্যান্য গ্রামীণ চিকিৎসকরা। সম্প্রতি রিওয়ার্ড ওয়েলফেয়ার এস্যোসিয়েশন নামক সংস্থার থেকে পাওয়া থার্মাল গান, পালস অক্সিমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, এননাইনফাইভ মাস্ক, গ্লাভস, হেড গিয়ার, সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার প্রভৃতি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে এসেছে বিজ্ঞান মঞ্চের পনেরো জনের একটি স্বেচ্ছাসেবী দল। এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরাই এদিনের বাজারের পথচলতি সাধারণ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন প্রায় ৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মানুষ জনের মধ্যে দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা ও আগাম তৃতীয় ঢেউ সম্পর্কে সঠিক ধারণা দিতে ও সাবধানতা অবলম্বন করার ধাপগুলি নিয়ে আলোচনা করেন ডঃ গিরি ও ড: সামন্ত বাবু।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রিওয়ার্ড সংস্থার অবিভক্ত মেদিনীপুর জেলার কর্ণধার কাঞ্চন পট্টনায়েক। এদিন মেদিনীপুর ছাত্রসমাজ নামক সমাজসেবী সংস্থার প্রতিনিধি ও বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য বিজ্ঞানমঞ্চের সাঁকরাইল কেন্দ্রের হাতে একটি পালস অক্সিমিটার তুলে দেন। অনুষ্ঠানের শেষে পার্শ্ববর্তী ভ্যানচালক ও শ্রমিকদের সাবান ও সানিটাইজার বিলি করা হয়।


