মুর্শিদাবাদে স্কুলে হিজাব মানা করায় প্রধান শিক্ষককে বদলি, প্রতিবাদ শিক্ষাসমিতির

আমাদের ভারত, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: হিজাব, স্কুল ইউনির্ফম ও মুর্শিদাবাদ জেলার প্রধান শিক্ষক বদলি বিষয়ে প্রতিবাদ জানাল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ।

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক শুক্রবার এই প্রতিবেদককে বলেন, “গত ১২ ই ফেব্রুয়ারি মর্শিদাবাদ জেলার সুতি থানার বহুতালি হাইস্কুলের প্রধান শিক্ষক দীনবন্ধুবাবু ছাএীদের হিজাব পরে বিদ্যালয়ে আসতে মানা করায়, হিজাবের পক্ষে এবং স্কুল ইউনির্ফমের বিরুদ্ধে, ওই প্রধান শিক্ষকের ওপর কয়েক হাজার গ্রামবাসী চড়াও হয়। গালিগালাজ করা এবং ইট পাটকেল ছোড়া কোনওটাই বাদ ছিল না।

আন্দোলন থামাতে কয়েক জনকে গ্রেফতার করলেও খুব একটা লাভ হয়নি। এর ফলস্বরূপ ঐ প্রধান শিক্ষক মহাশয়কে রঘুনাথগঞ্জ থেকে নবদ্বীপের একটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন চুপ করে বসে থাকবে না।

আমরা কোনও ধর্মীয় পোশাকের বিরুদ্ধে নই, কিন্তু বিদ্যালয়ের একটি নিদিষ্ট পোশাক থাকা অবশ্যই প্রয়োজন। আর সেই পোশাক পরেই বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের বর্ণ, ধর্ম, জাতি, ধনী, দরিদ্রকে এক সমতা বিধানের জন্য ইউনির্ফম।

শিক্ষায় তুষ্টিকরনের নামে ওই প্রধান শিক্ষক সঠিক পদক্ষেপ করা সত্বেও তাঁকে বদলি করা হলো কেন? এর জবাব শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই।
বাংলার সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীগণের কাছে আবেদন আপনারা সংগঠিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *