“মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, এখন তিনি পাগল হয়ে প্রলাপ বকছেন”, নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ফিরহাদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জুলাই: মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন। এখন তিনি পাগলের প্রলাপ বকছেন, পাগল হয়ে গেছেন। কি বলবেন বা কি করবেন নিজেই বুঝে উঠতে পারছেন না। ডিপ্রেশনে চলে গেছেন। বিজেপির উচিত ওনাকে সাইক্রিয়াটিস্ট দেখানো। তাহলে ওনাকে সুস্থ করতে পারবেন। নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বুধবার রায়গঞ্জে এক সাংগঠনিক সভায় যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন রাজ্যের পরিবহন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি সাধারণ মানুষ এবং গরিব মানুষদের জন্য মোদী সরকার নয়, রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মধ্যবিত্তদের পেটে লাথি মারছেন আর বড়লোকদের পকেট ভরছেন।

বিজেপির সিএএ নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায় বিজেপি বড়লোকদের পকেট ভরার জন্যই ক্ষমতায় রয়েছে, উপেক্ষিত হচ্ছে সাধারণ গরিব মানুষের স্বার্থ। পাশাপাশি জ্বালানি সংকটের মুহূর্তে সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যাটারি চালিত ও ইলেক্ট্রিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে বলেও জানান তিনি। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম এও বলেন, বিজেপি বিগত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে অনেক কিছুই বলেছিল। এরাজ্যে সিএএ হবে না বলে দাবি করেন তিনি। ফিরহাদ হাকিম বিজেপির
সিএএ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, বাংলার প্রতিটি মানুষই ভারতের নাগরিক, তাই নতুন করে লালিপপ দেখিয়ে লাভ নেই। বুধবার রায়গঞ্জের বিধানমঞ্চে বিধায়ক কৃষ্ণ কল্যানীর আহ্বানে এক সাংগঠনিক সভায় যোগ দিতে আসেন রাজ্যের পরিবহন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

এদিনের সভায় জেলা বিজেপির শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী গোপাল মজুমদার সহ বহু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দলত্যাগী বিজেপি নেতার হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, গোলাম রব্বানি এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *