আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: ২১ বছর পর ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব এলো ভারতের কাছে। মিস ইউনিভার্স হলেন পাঞ্জাবের এক সুন্দরী। এর আগে ২০০০ সালে পাঞ্জাবেরই লারা দত্তা এই খেতাব জিতেছিলেন। তার আগে এক বঙ্গকন্যা সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছিলেন। তৃতীয় ভারতীয় হিসেবে যিনি মিস ইউনিভার্স হলেন তার নাম হারনাজ কৌর সান্ধু।

রবিবার রাতে ইজরায়েলের এইলাইটে মিস ইউনিভার্সের ৭০ তম বছরের প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরিয়ারা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এম এস ওয়ানেকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর সুন্দরী আন্দ্রিয়া মেজা তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন। হরনাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্রহ্মাণ্ড সুন্দরী লারা দত্তা। লারা লিখেছেন, “অভিনন্দন আমাদের ক্লাবে তোমাকে স্বাগত। ২১বছর ধরে এই সম্মানের জন্য আমরা অপেক্ষা করেছি। তুমি আমাদের গর্বিত করেছে। ১০০ কোটির স্বপ্ন পূরণ হলো।”

