আমাদের ভারত, ২৭ জুলাই: প্রায় দেড় বছর আগেই আইন তৈরি হয়ে গেছে। কিন্তু সেই আইন সংক্রান্ত নিয়ম নীতি এখনো ঠিক হয়নি। আর সেটা ঠিক করতে আরও ছয় মাস প্রয়োজন। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে মঙ্গলবার সংসদে এই কথাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
আগেই বলা হয়েছে আইন সংক্রান্ত নিয়ম-নীতি ঠিক হলে তবেই দেশজুড়ে সিএএ চালু হবে। এর আগে করোনার ফলে এই আইন কার্যকর হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। পরিস্থিতি ঠিক হলে আইন কার্যকর হবে বলে জানানো হয়েছিল। এবার সেই সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়ন পিছিয়ে গেল আরও ছয়মাস। উল্লেখ্য এই আইন প্রণয়ন নিয়ে সরকারের বিরুদ্ধে গত দু’বছর ধরে প্রতিবাদ-বিক্ষোভ চলে আসছে গোটা দেশ জুড়ে।
সিএএ প্রণয়ণের কাজ কতদূর এগিয়েছে, কবে এর নিয়মনীতি প্রকাশ করা হবে? মঙ্গলবার সংসদে তা জানতে চান কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সিএএ-র নিয়ম-নীতি করতে আরও ছয় মাস সময় লাগবে। এর জন্য সংসদে ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছে কেন্দ্র। ২০১৯ সালের ১২ ডিসেম্বর সিএএ- এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২০-র জানুয়ারি মাসে তা আইনে পরিণত হয়। কিন্তু এখনো এই আইনের নিয়ম-নীতি ঠিক হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই শুধু বলেন, এই আইনের নিয়ম-নীতি ঠিক করার জন্য লোকসভা এবং রাজ্যসভার কমিটির কাছে ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

