অজুহাত দেবেন না! করোনাকালে বাংলায় মাত্র ২৭ শিশু অনাথ, এই তথ্য বিশ্বাসযোগ্য নয়, রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ২৭ জুলাই:করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন রাজ্যে মাত্র ২৭জন শিশু অনাথ হয়েছে। রাজ্যের দেওয়া এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। এই তথ্য গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। তাই প্রয়োজনে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে আদালত। এই তথ্য দেওয়ার ঘটনায় রাজ্যকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্য সরকারকে মনে করিয়ে দিয়েছে এটি শিশু কল্যাণের মতো বিষয়, এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো রাজনৈতিক শত্রুতা প্রাধান্য পেতে পারে না। করোনার ফলে লকডাউনের সময় যেসব শিশুরা অনাথ হয়েছেন প্রশাসনের তরফে তাদের দেখভালের জন্য কি করা উচিত? সে বিষয়ে শীর্ষ আদালতে একটি মামলা চলছিল। শিশুদের নিরাপত্তা বিষয়ে একাধিক প্রশ্ন উঠে আসে সেখানে। সেই পরিস্থিতিতে রাজ্যের তরফে জানানো হয় এই সময়ের মধ্যে রাজ্যে মাত্র ২৭টি শিশু অনাথ হয়েছে। আর এই তথ্য শোনার পরই আদালত রাজ্যের তরফের আইনজীবীর উদ্দ্যেশ্যে বলে,”আপনি যদি বলেন এসময়ের মধ্যে মাত্র ২৭টি শিশু অনাথ হয়েছে তাহলে আমরা সেই বয়ান নথিভূক্ত করবো ঠিকই। কিন্তু মনে রাখবেন পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য আমরা এই তথ্য বিশ্বাস করতে পারবো না”।

এরপরই তার উত্তরে রাজ্যের তরফছ বলা হয়,” এই ধরনের তথ্য সংগ্রহের কাজ নিয়মিত চলতেই থাকে। এটি একটি প্রক্রিয়া যা এখনও চলছে।” আদালকে এই কথা বলায় তীব্র তিরস্কৃত রাজ্য। আদালত বলে, “অকারণে দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করবেন না। আর কোন অজুহাত দেবেন না। পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনাথ শিশুদের দেখভাল করার মতো কেউ নেই। আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা। শিশুরা যাতে তাদের অধিকার পায় সেটি দেখা।” এরপর রাজ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে বিষয়টিতে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *