আমাদের ভারত, দার্জিলিং ১৫ জুলাই: জিটিএ চিফ হিসেবে শপথ নিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। বৃহস্পতিবার দার্জিলিং এর রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি জিটিএ চেয়ারম্যান পদে শপথ নেন অঞ্জুল চৌহান ও ডেপুটি চেয়ারম্যান পদে শপথ নিলেন রাজেশ চৌহান। তবে এদিন শপথবাক্য পাঠ করানোর মঞ্চ থেকেই জিটিএ এর অডিট নিয়ে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়।
তিনি বলেন, “এর আগে জিটিএ এর অডিট হয়নি। আমি চাই এবার সময়মত জিটিএ এর অডিট হোক। আর যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে মামলা করা হোক।” এদিকে রাজ্যপালের এই বক্তব্যকে সমর্থন করেছেন অনিত থাপাও। এদিন পাহাড় ছাড়ার আগে অনিতদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড়ের উন্নয়নে জিটিএ এর ভুমিকা সবসময় প্রশংসনীয়। কিন্তু গত ১০বছর ধরে নির্বাচন না হওয়ায় কিছুটা সমস্যায় পড়েছিল পাহাড়বাসি। কারণ জিটিএ সঠিকভাবে কাজ করতে না পারায় পাহাড়ে উন্নয়নে সমস্যা দেখা দেয়। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তারাই বোর্ড গঠন করল পাহাড়ে।
এদিকে অনিতের আমন্ত্রণে পাহাড়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই ৪৫জন নির্বাচিত প্রার্থী শপথবাক্য পাঠ করেন। আবার এদিন জিটিএ চিফ হিসেবে শপথ নিলেন অনিত থাপা। আর তা পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাঠ করানোর পর ওই মঞ্চ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, “হাজার কোটি টাকার হিসেব, দুর্নীতি ও আর্থিক গরমিলের কিনারা করা হবে। প্রতি বছর অডিট করতে হবে। যারা যারা আইন লঙ্ঘণ ও দুর্নীতি করেছে তাদের প্রকাশ্যে আনা হবে। নিজেদের দায়িত্ব স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালন করুন। বিগতদিনের ভুল শুধরে নিতে হবে।”
শপথ গ্রহণ করার পর জিটিএ চিফ অনিত থাপা বলেন, “আমি নিজেও অডিটের পক্ষে। স্বচ্ছতা বজায় রাখতে অডিটের প্রয়োজন রয়েছে। এছাড়া পাহাড়ে নানান সমস্যা রয়েছে তা এবার দ্রুত সমাধান করা হবে। জিটিএ এর মাধ্যমেই পাহাড়ে উন্নয়নের জোয়ার আনতে চাই।”

