সাথী দাস, পুরুলিয়া, ১৮ মে: পিকআপ ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার মাঝে উল্টে গেল একটি সরকারি বাস। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুড়া থানার কুমোরডি মোড় সংলগ্ন এলাকায়, বাঁকুড়া–পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়কে।
দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায়। বাসটির ধাক্কায় পিকআপ ভ্যান গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে যায়। আর বাসটি রাস্তার উপর উল্টে যায়। পিক আপ ভ্যানের চালক সহ ১২ জন কম বেশি আহত হলেও ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার জেরে রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। ঘটনাস্থলে হুড়া থানার পুলিশ পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে পাশে সরিয়ে দেয়। তার পর থেকে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

