গোরক্ষনাথ মন্দিরে হামলায় অভিযুক্ত মুর্তাজার যোগ আইসিসের সঙ্গে, বিস্ফোরক তথ্য সামনে এলো

আমাদের ভারত, ১ মে: উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরের বাইরের পুলিশ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া আহমেদ মুর্তজা আব্বাসি সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে জঙ্গিগোষ্ঠীর আইসিসের সঙ্গে যুক্ত ছিল সে। ২০২০ সালে আইসিসির হয়ে কাজ করার শপথ নেয় মুর্তাজা।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে বহু বছর আগে থেকেই আইসিসির সঙ্গে তার যোগাযোগ হয়। উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিজিপি জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ২০১৪ সাল থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ রয়েছে মুর্তাজার। আরেক আইসিসির সদস্য মেহেন্দি মাসুদের সঙ্গে পরিচয় হয় তার। এরপরেই আইসিসের সঙ্গে যোগ তৈরি হয় মুর্তাজার।

যদিও ওই বছরই মাসুদ গ্রেফতার হয়। কিন্তু তার পরেও মাসুদ নিয়মিত মুর্তাজা ও তার মত আইসিসির প্রতি আগ্রহীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।

পুলিশের জেরায় মুর্তাজা জানিয়েছে, সে নিয়মিত ইন্টারনেটে একে ৪৭, ৫-৪ কারবাইনের মত অস্ত্রশস্ত্র সম্পর্কে তথ্য অনুসন্ধান করত। এমনকি বাড়িতে সে এয়ার রাইফেল নিয়ে নিয়মিত অনুশীলন করতো। সুযোগ পেলেই ওই সব আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল সে।

এপ্রিল মাসে গোরক্ষনাথ মন্দিরের বাইরে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায় সে। তার ধারালো অস্ত্রের কোপে জখম হয় দুই পুলিশকর্মী। এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করছিল উত্তরপ্রদেশ সরকার। ক্রমেই সেই সন্ত্রাস যোগ স্পষ্ট হচ্ছে।

দীর্ঘদিন ধরে আইআইটি প্রাক্তনী মুর্তাজা আব্বাসি এটিএসের নজরে ছিল। এটিএসের কর্তারা ছদ্মবেশে তার বাড়িতেও হানা দিয়েছিল। কিন্তু সেই সময়ে মুর্তাজা নেপালে গা ঢাকা দিয়েছিল। গোরক্ষনাথ মন্দিরে হামলার পর থেকে সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

মুর্তাজা ও তার সঙ্গীদের লাগাতার জেরা করে পুলি নানা তথ্য জানতে পেরেছে। তাদের ল্যাপটপ মোবাইল থেকেও পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। মুর্তজার মোবাইলে মিলেছে জেহাদি ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *