অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জুলাই:
করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরেই বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানl শিক্ষার্থীদের প্রাণচঞ্চলতায় আবার কবে মুখরিত হয়ে উঠবে শিক্ষাঙ্গন, তা সকলেরই অজানা। এমতাবস্থায় স্কুলগুলি চালু করেছে অনলাইনে পাঠদান প্রক্রিয়া। কিন্তু সমস্ত শিক্ষার্থীর স্মার্ট ফোন না থাকায় তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের দূরত্ব বেড়েছে অনেকটাই। এই অবস্থায় দ্বাদশ শ্রেণির সংস্কৃত বিভাগের ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজ নিলেন এবং তাদের হাতে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তুলে দিলেন শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী। দ্বাদশ শ্রেণির সংস্কৃত বিষয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিলেন তিনি। নয়াবসান, সিজুয়া, ভোলা, বেলদুয়ার, ধর্মপুর সহ আশেপাশের প্রায় দশটি গ্রামের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেl দ্বাদশ শ্রেণির সংস্কৃত বিষয়ে পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করছেন, উৎসাহ দিচ্ছেন এবং পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিচ্ছেন তিনি।
ছাত্রছাত্রীরা জানায় তারা তো ভাবতেই পারেনি, স্যার তাদের বাড়িতে এসে এই সমস্ত উপকরণ দিয়ে যাবেন l হেরম্ব নাথবাবু জানান,এভাবে আগামীদিনেও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উপকরণ দিয়ে যাবেন।

