তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বোলপুরের ঘিদহ গ্রাম

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১০ জুন: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বোলপুর থানার ঘিদহ গ্রাম। ভাঙ্গচুর করা হয়েছে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের বাড়ি। অভিযোগ, তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের লোকজন ভাঙ্গচুর চালিয়েছে।

ঘটনার সূত্রপাত বালির গাড়ি যাতায়াত নিয়ে বচসা। সেই বিবাদ গড়ায় গ্রামে। কাজল গোষ্ঠীর হিরোজ মল্লিকের নেতৃত্বে একদল আক্রমণ চালায় অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর নেতা শেখ নুর আলমের বাড়িতে। তার বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে দেওয়া হয়। মারধর করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নূর আলম বলেন, “বর্তমানে অনেকেই কাজলের দিকে গিয়েছে। আমাকেও কাজলের দলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমি অফিসিয়াল দলেই থেকে গিয়েছি। এনিয়ে আমার উপর আক্রোশ ছিল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ফলে সেই আক্রোশ বাড়তে থাকে। আমি বোলপুর পার্টি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। সেই সময় ওরা আমার বাড়িতে হামলা চালায়। পুলিশ ব্যবস্থা না নিলে এভাবেই মারামারি চলবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *