কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: করোনার অতিমারী পরিস্থিতিতে এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কলেজ বন্ধ থাকলেও, ঘাটাল কলেজের ছাত্র ছাত্রীদের লাইব্রেরি, বিদ্যুৎ ফি সহ বিভিন্ন ফি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য কলেজের তুলনায় ঘাটাল কলেজ বেশি ফি নিচ্ছে এমনটাই অভিযোগ ওই কলেজের ছাত্র ছাত্রীদের।
এই বিষয়ে কথা বলতে গেলে কলেজ কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের সাথে কথা না বলে উলটে তাদের অপমান করে কলেজ থেকে তাড়িয়ে দেয়। এর প্রতিবাদে বুধবার ঘাটাল কলেজের সামনে, ঘাটাল পাঁশকুড়া বাস রাস্তা অবরোধ করে কলেজের ছাত্র-ছাত্রীরা। পরে ঘাটাল থানার পুলিশ এসে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

কলেজের ছাত্রছাত্রীরা বলেন, তারা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। এরকম অতিমারী পরিস্থিতিতে অন্যান্য কলেজ যেখানে ৩০০ থেকে ৪০০ টাকা নিচ্ছে সেখানে ঘাটাল কলেজ বেশি পরিমাণে ফি নিচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে কোনও আলোচনা করতে চাইছেন না।
ছাত্র-ছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষকে তাদের সাথে কথা বলতে হবে এবং এত বেশি অঙ্কের ফি মকুব করতে হবে। বেশকিছু ছাত্র-ছাত্রী অভিযোগ করেন, ষষ্ঠ সেমিস্টারের কয়েক জন ছাত্র ছাত্রীকে ফাইনাল পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না।


