স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ মে : হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে বাচ্চা নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে পড়ে গেল এক মহিলা। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
জানা গেছে, ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ওই মহিলা বাচ্চা চুরি করে পালাচ্ছিল বলে রোগীর আত্মীয় স্বজনদের অভিযোগ। সেই সময় মহিলাটিকে ধরে ফেলে উপস্থিত রোগীর আত্মীয় স্বজনরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় স্বজনরা। পরবর্তীতে জানা যায় ওই মহিলা না কি মানসিক ভারসাম্যহীন। প্রশ্ন উঠছে যদি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হয় তাহলে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভিতরে ঢুকল কি করে? সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এই ধরনের ঘটনায় হাসপাতালের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে রোগীর আত্মীয়রা।
সিকিউরিটি গার্ডের গাফিলতির কথা স্বীকার করেন হাসপাতালের সিকিউরিটি গার্ডের ফেসিলিটি ম্যানেজার এহসান আলী আফজাল। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায়। হাসপাতালের সুপার সুরজ সিনহা টেলিফোনে জানিয়েছেন, একজন অজ্ঞাতপরিচয় মহিলা নার্সের ড্রেস পড়ে একটি বাচ্চা নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সিকিউরিটি গার্ডদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

