আমাদের ভারত, ২১ নভেম্বর: সোমবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান, ২০২২ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিল স্নাতক এবং স্নাতকোত্তর, এম.ফিল, পিএইচ.ডি এর ছাত্রীরা। অত্যন্ত – সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় ও আশাব্যঞ্জক নানা কথা বলেন। সমাবেশে বক্তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক সাইদুর রহমান, পরীক্ষা নিয়ামক অধ্যাপক অনিন্দ্য ঘোষ চৌধুরি, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলীপ দাস, অধ্যাপক তপন মন্ডল, অধ্যাপক সুজিত মন্ডল প্রমুখ।
সম্মানীয় উপাচার্য কলা স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা এবং অনুসন্ধিৎসা তৈরী করার জন্য শিক্ষার্থীদের উজ্জীবিত করেন। পাশাপাশি স্নাতক এবং স্নাতকোত্তর স্তর থেকে শিক্ষার্থীদের গবেষণায় যোগদানের জন্য উৎসাহ দেন। তিনি বলেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় মহিলাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নয়নে এবং ক্ষমতায়নে নিরন্তর কর্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিবন্ধক অধ্যাপক সাইদুর রহমান সকল নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নতিতে সবরকম সাহায্য ও সহযোগিতা করবে, ফলে ছাত্রীরা যেন পঠন পাঠন এবং গবেষণায় মনোযোগী হয়।
সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা মধুমিতা ও কলা বিভাগের ডিন ড. অপরাজিতা হাজরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপিকা অপরাজিতা হাজরা।
প্রসঙ্গত, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে এই এককেন্দ্রিক বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গে রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। এখানে মানবিক ও মৌলিক বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা আছে। ২০১২ সালে এটি শুরু হলেও প্রথম কয়েক বছর সেভাবে এগোতে পারেনি। গত এক বছরে নানা ইতিবাচক ও গঠনমূলক কাজের পরিকল্পনা ও রূপায়ণ হয়েছে।

