আমাদের ভারত, ৫ নভেম্বর: ফের পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার মোদী সরকারের সিদ্ধান্তে সমালোচনা করেছিল কংগ্রেস ও তৃণমূলের মতো বিরোধীরা। এই প্রসঙ্গে তাদের পাল্টা জবাব দিয়েছেন মোদী। মধ্যপ্রদেশের এক নির্বাচনী সভায় তিনি দাবি করেছেন, তার সরকার দেশের প্রান্তিক মানুষের পাশে থাকবে। একই সঙ্গে তাঁর দাবি, দেশের দারিদ্র বোঝার জন্য তার কোনো বইয়ের জ্ঞানের প্রয়োজন হয়নি।
আজ মধ্যপ্রদেশের সিওনি জেলায় একটি জনসভায় তিনি বক্তব্য রাখেন। সেখানে কেন্দ্র সরকারের তরফে বিনামূল্যে রেশন প্রকল্প আরো পাঁচ বছর বাড়ানোর যে সিদ্ধান্তের কথা তিনি ছত্তিশগড়ে ঘোষণা করেছিলেন তা ফের উল্লেখ করেন। মোদী বলেন, “আমি নিজে দারিদ্রতা থেকে উঠে আসা একজন। আমায় বই পড়ে বুঝতে হবে না যে দারিদ্র্য কি। আমি গরিবের কষ্ট অনুভব করতে পারি।”
সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ছেলে, আপনাদের ভাই তাই একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শেষ হলেও আগামী আরো ৫ বছরের জন্য এই প্রকল্প চালু করা হবে।” বিনামূল্যের রেশন প্রকল্পকে গ্যারান্টি অফ মোদী বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, “এটাই বিজেপি, যারা প্রত্যেক গরিব, প্রান্তিক, দলিত উপজাতির জন্য। সবাইকে নিয়ে আমাদের পরিবার।”
ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারে গিয়ে মোদীর করা সরকারি সিদ্ধান্তের ঘোষণার সমালোচনা করেছে কংগ্রেস ও তৃণমূল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকিব গোখলে। নির্বাচন কমিশনে গিয়ে তিনি অভিযোগও জানিয়ে এসেছেন। এরই মধ্যে মধ্যপ্রদেশে নির্বাচনী সভায় বিরোধীদের আক্রমণ করে মোদী বলেন, কংগ্রেস বা বিরোধী শাসিত রাজ্যগুলোর মত বিজেপির কোনো দুর্নীতি মামলার জড়িয়ে পড়েনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস জমানায় লাখ লাখ, কোটি কোটি টাকার দুর্নীতি হতো। বিজেপি জামানায় এমন একটিও অভিযোগ নেই। তাঁর আরো কটাক্ষ, যেখানেই কংগ্রেস, সেখানেই পরিবারবাদ। পরিবারের উপরে কিছুই নেই। রাস্তা, গলি, সরকারি প্রকল্প থেকে সরকারি অফিস সবকিছুর নাম হয় একটি পরিবারের নামে।


কিন্তু গরিব মোচন করতে তো বই পড়া লাগবে😅