ফের বড় সিদ্ধান্ত মোদী সরকারের, বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও কয়েক মাস বাড়ালো কেন্দ্র সরকার

আমাদের ভারত, ২৪ নভেম্বর: করোনার মতো অতিমারীর পরিস্থিতিতে মানুষকে সুবিধা দিতে কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল দেশজুড়ে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। তার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। কিন্তু এরপর কি মানুষ আর বিনামূল্যে রেশন পাবে না? তা নিয়ে শোরগোল চলছিল। আজ সেই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। আগামী চার মাস বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে দেশজুড়ে।

আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পান্ডে জানিয়েছেন আগামী ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বৃদ্ধির এখনো কোনো প্রস্তাব তাদের কাছে এসে পৌঁছায়নি। ফলে অনেকেই ধরে নেয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন আর কেন্দ্র দেবে না। বিরোধীরাও সোচ্চার হয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। জানা গেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এর মেয়াদ আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাড়ানোর মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এর আগে কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে জানিয়েছেন যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি হচ্ছে তাই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনও কোনো প্রস্তাব আসেনি। কিন্তু দাবি ওঠে দেশের অর্থনীতি এখনো সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারেনি। বহু মানুষ করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন। ফলে বিনামূল্যের অপশন না পেলে অনেকেই চরম অসুবিধায় পড়তে পারেন। সেই সূত্র ধরেই বিনামূল্যের রেশনের মেয়াদ আগামী মার্চ মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

যদিও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছিলেন রাজ্য সরকার নির্ধারিত বিনামূল্যের রেশন ব্যবস্থা চালু রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *