পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে অনেক আগেই। যুযুধান রাজনৈতিক দলগুলো ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে। নীচুতলার কর্মীদের নিয়ে বুথ পর্যায়ের মিটিং মিছিল, জনসংযোগের জন্য নানা সামাজিক পরিসেবার মাধ্যমে এলাকার ভোটারদের মন পাওয়ার চেষ্টা।

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের ২২ নং ওয়ার্ড উন্নয়ন কমিটির কমিউনিটি হলে পৌরসভা এবং পঞ্চায়েত এলাকার সীমানায় বেসরকারি চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় হাজার খানেক দুঃস্থ মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, এমকেডিএর ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ, আইনজীবী মৃণাল কান্তি চৌধুরী, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। সমগ্ৰ শিবিরটি পরিচালনা করেন শহর সভানেত্রী তথা কাউন্সিলর মৌ রায়।

