নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং কি তৃণমূলের পথে?

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জুন: মুকুল রায় বড়ো মাপের নেতা তার বিজেপি ত্যাগ করা দলের জন্য ক্ষতি, গারুলিয়ায় জানালেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তাঁর এই বক্তব্য ফের উস্কে দিল জল্পনা, তাহলে কি এবার তৃণমূলে যেতে চলেছেন সুনীল সিং। এবার ভোটে দাঁড়ালেও তৃণমূলের মঞ্জু বসুর কাছে হেরে যান সুনীল। বিধায়ক থাকাকালীন চলতি বছর ফেব্রুয়ারিতে বিগত বিধানসভার অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুনীল সিং। সেইসময় জল্পনা ছড়িয়েছিল, তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। যদিও সুনীল সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর আজকের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা মুকুল রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুনীল সিং মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপি ত্যাগ করাকে দলের পক্ষে ক্ষতিকারক বলে মন্তব্য করেন সাংবাদিকদের সামনে। উল্লেখ্য, গারুলিয়াতে ২০০৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যখন সুনীল সিং যোগ দিয়েছিলেন তখন তাকে তৃণমূলে যোগদান করান মুকুল রায়। পরবর্তী সময়ে বিজেপিতে সুনীল সিংয়ের যোগদানের সময়ও বড় ভূমিকা ছিল মুকুল রায়ের। “আগামী দিনে কি হবে দেখা যাক”এই মন্তব্য আগামী দিনে সুনীল সিংয়ের কি সিদ্ধান্ত হবে সেই প্রসঙ্গে নতুন জল্পনা তৈরী করে দিল রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *