আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ নভেম্বর: আগুনে ভস্মীভূত হল রেলের কয়েক লক্ষ টাকার কেবল তার। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রামপুরহাট ষ্টেশনের অদূরে চাঁদমারি পাড়ার কাছে রেলের তার মজুত গোডাউনে।
জানা গিয়েছে, চাঁদমারি পাড়ার কাছে স্লিপার ফ্যাক্টরির সামনে রেলের একটি গোডাউন রয়েছে। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথম আগুনের ধোঁয়া দেখতে পান। তারাই খবর দেন ষ্টেশনে। কিন্তু কেবল তার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে কেবল তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে কিছুটা দুরের একটি পুকুরে পাম্প বসিয়ে জল ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জানা গিয়েছে, স্লিপার ফ্যাক্টারি লাগোয়া রেল লাইনের ধারে প্রচুর পরিমানে কেবলের রোল মজুত ছিল। অগ্নিকাণ্ডের জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কিন্তু কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

রেলের রামপুরহাট এরিয়া ম্যানেজার মহিদ বিশ্বাস বলেন, সিগন্যাল এণ্ড টেলিকমের কেবল সেখানে মজুত রাখা ছিল। কিভাবে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমান কত, তা তদন্ত না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।

