স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ মে: সকাল থেকে দেখা নেই সূর্যের, মেঘাচ্ছন্ন গোটা আকাশ। এরপরে স্বস্তির বৃষ্টি গোটা নদিয়া জেলা জুড়ে। সঙ্গে চলল ঝড়ো হাওয়া। হাঁসফাঁস তীব্র গরমের হাত থেকে অবশেষে রেহাই পেল গোটা নদিয়া জেলা বাসী।
আবহবিদেরা জানাচ্ছেন, এবার অনেক দেরিতে বৃষ্টি হলো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। যার কারণে শুরুতেই তীব্র গরমের যন্ত্রণা ভোগ করতে হলো সাধারণ মানুষকে। নদিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। একদিকে যেমন গরমে কার্যত গৃহবন্দি হয়েছিল মানুষ অন্যদিকে চাষিরা অস্বস্তিতে ভুগছিলেন। সেই পরিস্থিতিতে আজ সকালের বৃষ্টি একদিকে যেমন গরমের হাত থেকে রেহাই পাবে জেলাবাসী অন্যদিকে সবজি চাষীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

নদিয়া জেলার হাজার-হাজার চাষী সবজি এবং জমিতে অন্যান্য চাষাবাদ করে সংসার চালান। সেই পরিস্থিতিতে প্রাকৃতিক জলের গুণগত মান চাষীদের চাষের ক্ষেত্রে অনেকটাই অনুকূল। কিন্তু বৃষ্টি না হওয়ায় অনেকটাই সমস্যায় পড়েছিল চাষীরা। তবে ধান চাষের ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আকাশের খামখেয়ালীপনা। তার কারণ এই সময়ে চাষিরা পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসেন। এই পরিস্থিতিতে কিছুটা হলেও অসুবিধায় পড়বে তারা। গোটা নদিয়া জেলা জুড়ে দিন সকালের বৃষ্টি অনেকটাই চওড়া হাসি এনেছে জেলাবাসীর মুখে।

