আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ মে: প্রশাসনের পক্ষ থেকে করোনায় মৃত ব্যক্তির দেহ পোড়ানোর জায়গা স্থির করায় অবরোধ করলেন স্থানীয়রা। ঘটনা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কেন্দুগাড়ী ৭ নম্বর অঞ্চলের ভেন্ডডাহি গ্রামের।
স্থানীয় মানুষজন এদিন করোনায় মৃত রোগীর দেহ পোড়াতে না দেওয়ার জন্য কেন্দুগাড়ী থেকে পণ্ডাছেঁচা হয়ে ওড়িশা যাওয়ার রাস্তা অবরোধ করেন। অভিযোগ, রবিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের করোনায় মৃত এক ব্যক্তির দেহ পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় জঙ্গল ঘরা কেন্দুগাড়ী অঞ্চলের ফুলাকেন্দু এলাকায়। কিন্তু ঘটনার খবর পেয়ে রাস্তা অবরোধ শুরু করে দেন গ্রামবাসীরা।
অবরোধকারীদের কথায়, কেন্দুগাড়ী এলাকায় করোনা সংক্রমণের তেমন খবর নেই। তার মধ্যে এলাকায় যদি করোনা রোগীর দেহ পোড়ানো হয় তাহলে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই স্থানীয়দের দাবি, কোনও প্রকারে এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ পোড়ানো যাবে না। তাই সকাল দশটা থেকে অবরোধ চলছে।

