আমাদের ভারত, ভাঙড়, ২৩ সেপ্টেম্বর: টানা বৃষ্টির জেরে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ফলে ব্যাপক ক্ষতি হয়েছে সব্জি চাষের। পাশাপাশি এলাকার মাছের ভেড়ি প্রায় সবই ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ভাঙড় ২ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত চাষিরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশ্য বিডিওর আশ্বাসে শান্ত হন বিক্ষোভকারীরা।
গত তিনদিনের নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলের নীচে সমস্ত চাষের জমি। এখনো অধিকাংশ জমিতেই জমে আছে বৃষ্টির জল। এরফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এমতাবস্থায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে বৃহস্পতিবার বিডিও অফিসে বিক্ষোভ দেখান তারা।
আমফান ঘূর্ণিঝড়েও ভাঙড়ের কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিলো। কিন্তু সেই সময়ও ক্ষতিগ্রস্ত চাষিরা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। এদিন মূলত সেই অভিযোগ তুলেই বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে সরব হন চাষিরা। ভাঙড়ের চাষি সইদুল সর্দার, আলিপ মোল্লারা বলেন, “বারে বারে আমরা প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিডিও অফিস থেকে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা করা হচ্ছে না। সেই কারণে এবার আমরা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি। কারণ গত তিনদিনের বৃষ্টিতে আমাদের সমস্ত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।” যদিও এদিনের এই বিক্ষোভ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।

