জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট: ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তোলার অভিযোগে বুধবার রাতে মেদিনীপুর শহর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান।
মেদিনীপুর শহরের লাইব্রেরী রোডের বাসিন্দা সৌম্য মুখার্জি নামে এই যুবক নিজেকে আইপিএস পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলেন। এছাড়াও বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে লোন পাইয়ে দেওয়ার এবং বড় অফিসারদের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রতিশ্রুতি দিয়ে নানা রকম বেআইনি কাজকর্ম করার অভিযোগ উঠছিল। গতকাল রাতেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করে। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে ধৃত যুবকের বেআইনি কাজ কর্মের যাবতীয় তথ্য তুলে ধরেন পুলিশ সুপার দিনেশ কুমার।

তিনি বলেন, প্রায় এক বছর ধরে নিজেকে আইপিএস পরিচয় দিয়ে ওই যুবক বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলছিল। উচ্চ পর্যায়ের সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রয়েছে দাবি করে বড় অংকের টাকার বিনিময়ে যে কোনও সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ছিল। ফলে কয়েক দিন ধরে এরকম অভিযোগ আসতে থাকায় তৎপর হয় জেলা প্রশাসন। কোতোয়ালি এলাকার এক ব্যক্তিকে মোটা অংকের লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন এই ভুয়ো আইপিএস। মূলত ওই প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।
এদিন অভিযুক্তের কাছ থেকে আইপিএস লেখা একটি ব্যাচ ও একটি বন্দুক রাখার কেস উদ্ধার করেছে পুলিশ।আইপিএস পরিচয় দিয়ে ওই যুবক আর কার কার কাছ থেকে টাকা তুলেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। আজ ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়।


